আইফোনের নিরাপত্তা ব্যবস্থা সাধারণত অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় অনেক শক্তিশালী। এ কারণেই আইওএস-এর প্রায় সব সংস্করণেই নিরাপত্তা বাড়ানোর জন্য নিয়মিত আপডেট করে অ্যাপল। এবার আইফোন ব্যবহারকারীদের বার্তা আদান-প্রদানের গোপনীয়তা আরও মজবুত করতে কোম্পানিটি নতুন পদক্ষেপ নিয়েছে। অ্যাপল জানিয়েছে, আসন্ন আইওএস ২৬.৫ সংস্করণে মেসেজেস অ্যাপের আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) বার্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা যুক্ত হবে। ফলে আইফোন ব্যবহারকারীরা বর্তমানের চেয়ে নিরাপদে বার্তা পাঠাতে-নিতে পারবেন।

অ্যাপলের তথ্য অনুযায়ী, এই নতুন নিরাপত্তা সুবিধা প্রথমে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য চালু হবে। তাই শুরুতে সীমিত সংখ্যক মোবাইল অপারেটরের গ্রাহকরাই এটি ব্যবহার করতে পারবেন। পরে ধাপে ধাপে সুবিধাটির পরিধি বাড়ানো হবে। চূড়ান্ত সংস্করণের আগে সমর্থিত অপারেটরের তালিকা প্রকাশ করা হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আরসিএস বার্তায় এনক্রিপশন যুক্ত হওয়ার পাশাপাশি আইওএস ২৬.৫-এ আরও পরিবর্তন আসতে পারে। এর মধ্যে রয়েছে ‘প্রাইড লুমিন্যান্স’ নামক নতুন ওয়ালপেপার। এই ওয়ালপেপারে আলোর প্রতিফলনে রঙের গতিশীলতা ফুটে উঠবে। এছাড়া ম্যাপস অ্যাপে ‘সাজেস্টেড প্লেসেস’ সুবিধা যুক্ত হতে পারে, যা ব্যবহারকারীর সাম্প্রতিক অনুসন্ধান ও আশপাশের জনপ্রিয় স্থান বিশ্লেষণ করে প্রাসঙ্গিক পরামর্শ দেবে।

প্রসঙ্গত, আইওএস ২৬ সংস্করণে আইফোনের নকশায় বড় ধরনের পরিবর্তন এনেছিল অ্যাপল। আইফোন ১১ থেকে শুরু করে আইফোন ১৭ সিরিজ পর্যন্ত আইফোনে ব্যবহারযোগ্য সংস্করণটিতে ‘লিকুইড গ্লাস’ নামের নতুন ডিজাইন যুক্ত হয়, যা লক স্ক্রিন ও হোম স্ক্রিনে আরও প্রাণবন্ত ও সাড়া দেওয়া অভিজ্ঞতা তৈরি করে।

সূত্র: ইন্ডিয়া টুডে