রাজধানীর মহাখালীতে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে চড়ে দুর্বৃত্তদের গুলিতে মিরপুরের ঢাকা ডেণ্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারী রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রফিকুল ইসলাম মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেণ্টাল কলেজ হাসপাতালের আউট সোর্সিং কর্মচারী। তিনি মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্টাফ কোয়ার্টারে বসবাস করেন।
আজ শুক্রবার ঢামেক হাসপাতালে রফিকুলের বোন রাশেদা বেগম মুক্তকণ্ঠকে বলেন, "গতকাল রাত সোয়া ১০টার দিকে রফিকুল মহাখালী পুরোনো কাঁচাবাজারের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে একটি গুলি তাঁর বাম ঊরুতে লাগে।" কারা, কেন তাঁর ভাইকে গুলি করেছে, তা জানেন না বলে জানান রাশেদা।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মুক্তকণ্ঠকে বলেন, অস্ত্রোপচারের পর তাঁর ঊরু থেকে একটি গুলি বের করা হয়েছে।






