ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি গেজেট নোটিফিকেশনে তিনি জানিয়েছেন, ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর ধারার ২(বি) উপধারা ব্যবহার করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
রাজ্যপাল রবি বলেছেন, তাঁকে যে ক্ষমতা সংবিধানে দেওয়া হয়েছে, সেই ক্ষমতার অধীনেই তিনি বিধানসভা ভেঙে দিয়েছেন। রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা এই গেজেট নির্দেশিকা প্রকাশ করেছেন। সংবিধানের ১৭৪ নম্বর ধারার ২(বি) উপধারায় স্পষ্টভাবে বলা আছে, রাজ্যপালের আইনসভা ভেঙে দেওয়ার অধিকার রয়েছে। আইনসভার অধিবেশন ডাকা বা ভেঙে দেওয়া—দুটো ক্ষমতাই সংবিধানে তাঁদের দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে গিয়ে ইস্তফা জমা দিতে ৭ মে (বৃহস্পতিবার) পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। বরং ৫ মে সংবাদ সম্মেলনে মমতা বলেছিলেন, “এই নির্বাচনে তিনি হারেননি।” ফলে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র রাজ্যপালের হাতে তুলে দেওয়ার প্রশ্ন ওঠে না। সেদিন তিনি আরও বলেছিলেন, তিনি রাস্তার মানুষ এবং তাঁর লড়াইকে আবার রাস্তাতেই নিয়ে যাবেন। এরপর বৃহস্পতিবার কলকাতায় ‘ইন্ডিয়া’ জোটের নেতা অখিলেশ যাদব ঘোষণা দিয়েছেন, ‘ইন্ডিয়া’ জোট এক হয়ে লড়াই করবে।
মমতাকে হারানোয় চন্দ্রনাথ খুন: অভিযোগ শুভেন্দুর
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ভবানীপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বলে তাঁর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়েছে। তিনি বলেছেন, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হয়ে কাজ করেছে বলে ‘নিষ্পাপ’ এক তরুণকে খুন করা হলো। শুভেন্দুর দাবি, তাঁর সচিব রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। কিন্তু তা–ও তাঁকে হত্যা করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের কাছে তাঁর আবেদন, দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের আইনি পথে ফাঁসিতে ঝোলাতে হবে।
গতকাল বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় গুলি করে হত্যা করা হয় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। গুলিবিদ্ধ হন গাড়িচালকও। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে মৃত ঘোষণা করা হয়। গাড়িচালক একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ইতিমধ্যে তদন্তে কিছু অগ্রগতি হয়েছে। যে মোটরবাইকে চড়ে দুর্বৃত্তরা গুলি চালিয়েছিল, সেটি উদ্ধার করা হয়েছে। একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তবে এ ঘটনার পেছনে কে বা কারা আছে, সে সম্পর্কে নির্দিষ্টভাবে পুলিশ এখনো কিছুই জানায়নি।






