মা ও নবজাতকের নিরাপদ সেবায় দক্ষ মিডওয়াইফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সুদক্ষ মিডওয়াইফ তৈরি করতে মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ এবং বাস্তবভিত্তিক দক্ষতা অপরিহার্য। এই আহ্বান জানিয়ে গত মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটিতে উদযাপিত হয় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজন।’
অনুষ্ঠানটি আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রাম। দিবসটির উপলক্ষে মোহাম্মদপুর ও শ্যামলীতে র্যালি, নাটক এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসবের মাধ্যমে দক্ষ মিডওয়াইফের গুরুত্ব, মাতৃস্বাস্থ্যসেবায় তাঁদের অবদান এবং পেশাটির সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
এছাড়া, আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের অংশ হিসেবে গত সোমবার মহাখালীর টিঅ্যান্ডটি মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি। সেখানে মাতৃস্বাস্থ্য, নবজাতকের যত্ন ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিভিন্ন তথ্য প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক ধারণা বাড়াতে কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে মিডওয়াইফারি প্রোগ্রামের ১২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। তাদের মাথায় ক্যাপ পরিয়ে আনুষ্ঠানিকভাবে পেশায় স্বাগত জানানো হয়।
মিডওয়াইফারি শিক্ষা ও নার্সিং প্রোগ্রামের পরিচালক চিকিৎসক শারমিনা রহমান বলেন, ‘দক্ষ মিডওয়াইফ তৈরি করা গেলে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।’ তিনি প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরির ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রতিনিধি পারভিন সুলতানা। মিডওয়াইফারি শিক্ষায় হাতে-কলমে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সক্ষম ও পেশাগতভাবে প্রস্তুত হয়ে উঠতে পারে। দক্ষ মিডওয়াইফ তৈরি করা গেলে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।’






