রিয়েলমি দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত ‘রিয়েলমি সি১০০আই’ নামের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। এই ফোনে রিভার্স চার্জিং সহ সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি রয়েছে, যা একবার পূর্ণ চার্জে টানা তিন দিন চলে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়েলমি বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে এক চার্জে ৮ ঘণ্টা গেমিং, ৯৬.৪ ঘণ্টা গান শোনা বা ২১ ঘণ্টা ইউটিউবে ভিডিও দেখা সম্ভব। ব্যাটারিটি প্রায় ছয় বছর ভালো অবস্থায় থাকে, ফলে চার্জ শেষ হওয়ার চিন্তা করতে হয় না।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে রিয়েলমি ইউজার ইন্টারফেস এবং ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস পর্দা রয়েছে। এতে উন্নত গ্রাফিক্সের গেম এবং উচ্চ রেজোলিউশনের ছবি-ভিডিও উপভোগ করা যায়। আর্মরশেল প্রোটেকশন ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধায় ফোনটি হাত থেকে পড়লে ভাঙে না, পানিতে নষ্ট হয় না বা ধুলো জমে না।

বেগুনি ও ধূসর রঙে বাজারে আসা ফোনটির সংস্করণভেদে ৪ গিগাবাইট র‍্যাম + ৬৪ ও ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে। দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৫ হাজার ৯৯৯ টাকা ও ১৭ হাজার ৯৯৯ টাকা।