ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গ্রহণযোগ্য কারণ ছাড়া একদিন অনুপস্থিত থাকলে স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা জরিমানা দিতে হবে। আজ বৃহস্পতিবার (৭ মে ২০২৬) প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
সম্প্রতি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাক্রমে যুক্ত রাখতে, পাঠাভ্যাস গড়ে তুলতে ও শৃঙ্খলা বজায় রাখতে অ্যাডহক কমিটির অনুমোদনে নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
এছাড়া, শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে ধারাবাহিক মূল্যায়ন (সিএ-৫) নম্বর দেওয়া হবে। ৯১ থেকে ১০০ শতাংশ উপস্থিতির জন্য ৫ নম্বর, ৮১ থেকে ৯০ শতাংশের জন্য ৪ নম্বর, ৭১ থেকে ৮০ শতাংশের জন্য ৩ নম্বর, ৬১ থেকে ৭০ শতাংশের জন্য ২ নম্বর এবং ৫১ থেকে ৬০ শতাংশের জন্য ১ নম্বর প্রদান করা হবে। ৫০ শতাংশের কম উপস্থিতি থাকলে কোনো নম্বর পাওয়া যাবে না।
অসুস্থতা বা অন্য যৌক্তিক কারণে অনুপস্থিতির ক্ষেত্রে নির্ধারিত সময়ে অভিভাবকের স্বাক্ষরযুক্ত আবেদন এবং প্রয়োজনে চিকিৎসকের সনদপত্র জমা দিতে হবে। তবে গ্রহণযোগ্য কারণ ছাড়া অনুপস্থিতির জন্য প্রতিদিন স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা হারে ফি পরিশোধ করতে হবে, যা বেতনের সঙ্গে আদায় করা হবে।
শ্রেণিশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে পরিচালিত অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গুরুত্বপূর্ণ নোটিশ জানানো হবে। অভিভাবকদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নূন বাতায়ন ও শ্রেণিশিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আচরণগত উন্নয়নের জন্য শ্রেণিকক্ষে শিক্ষকদের নির্দেশনা কঠোরভাবে মানতে বলা হয়েছে। পাবলিক পরীক্ষায় ভালো ফল নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা, সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ বজায় রাখতে এবং প্রয়োজনে বিশেষ একাডেমিক ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে বলা হয়েছে।
এসব নিয়ম ২০২৬ সালের জুন থেকে কার্যকর হবে।






