মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে চলমান ‘সেমিকন এসইএ ২০২৬’ প্রদর্শনীতে প্রথমবার প্রদর্শক হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) তিন সদস্য প্রতিষ্ঠান। মঙ্গলবার থেকে তিন দিন ধরে চলা এই অনুষ্ঠানে নিজেদের উদ্ভাবিত পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের দক্ষতা তুলে ধরছে প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড এবং সিলিকোনোভা লিমিটেড। আজ বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসআইএ এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রদর্শনী চলাকালীন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ হাইকমিশনের কর্মকর্তারা বিএসআইএর স্টল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় হাইকমিশনার বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা তুলে ধরার জন্য বিএসআইএ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রশংসা করেন।

বিএসআইএর সভাপতি এম এ জব্বার জানিয়েছেন, সংগঠনের প্রতিনিধিরা আগে সেমিকন এসইএ প্রদর্শনীতে দর্শনার্থী হিসেবে উপস্থিত ছিলেন যদিও এবারই প্রথম প্রদর্শক হিসেবে অংশ নিচ্ছে। এটি বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের এক নতুন অধ্যায়ের সূচনা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও অর্থবহ আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার আকর্ষণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি আবদুল ঘানি। অনুষ্ঠানে সেমির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজিত মানোচা এবং দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট লিন্ডা ট্যান উপস্থিত ছিলেন।