আইন ভঙ্গ করে অতালিকাভুক্ত দুই কোম্পানিতে বিনিয়োগকৃত অর্থ সুদসহ ফেরত আনার নির্দেশ পেয়েছে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বুধবারের সভায় এই সিদ্ধান্ত নেয়। সভা শেষে বিএসইসির একটি বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ করা হয়।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড থেকে ২০১৩ সালে দেড় কোটি টাকা অতালিকাভুক্ত বেঙ্গল পলি অ্যান্ড পেপার কোম্পানিতে বিনিয়োগ করা হয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়ামসহ প্রতি শেয়ার ২৫ টাকায় কেনা হয়। বিএসইসি এখন এই বিনিয়োগের বিপরীতে ৩০ কার্যদিবসের মধ্যে ৫ কোটি ৭৪ লাখ টাকা মিউচুয়াল ফান্ডে ফেরত আনার নির্দেশ দিয়েছে। এই সময়সীমায় ব্যর্থ হলে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুণতে হবে।

একই মিউচুয়াল ফান্ড থেকে ২০১৭ সালে অতালিকাভুক্ত এএফসি হেলথ কোম্পানিতে ছয় কোটি টাকা বিনিয়োগ করা হয়। প্রতি শেয়ার সাড়ে ১২ টাকায় কেনা হয়, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং আড়াই টাকা অধিমূল্য বা প্রিমিয়াম ছিল। এর বিপরীতে ৩০ কার্যদিবসের মধ্যে ১৪ কোটি ৮৫ লাখ টাকা তহবিলে ফেরত আনার নির্দেশ বিএসইসি দিয়েছে। সময়মতো না জমা দিলে ১৬ কোটি টাকা জরিমানা গুণতে হবে বলেও জানিয়েছে বিএসইসি।

বিএসইসির তথ্য অনুসারে, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড থেকে বেঙ্গল পলি অ্যান্ড পেপার ও এএফসি হেলথে মোট সাড়ে সাত কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এর বিপরীতে ২০ কোটি ৫৯ লাখ টাকা ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসইসির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিনিয়োগের বিপরীতে বছরভিত্তিক মুনাফার হার ধরে ফেরত আনার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, নির্ধারিত সময়ে দুই কোম্পানি থেকে অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে জরিমানা কোম্পানির নিজস্ব দায় হিসেবে পরিশোধ করতে হবে। এই বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য রাষ্ট্রায়ত্ত বিনিয়োগপ্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় ফান্ডের নিরীক্ষক মালেক সিদ্দিকী ওয়ালি অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থার জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা এফআরসিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।