সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিবিএস, বিএসসি ইঞ্জিনিয়ারিং ও নার্সিং কোর্সে প্রথম বর্ষে ভর্তি অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বিশেষ আর্থিক সহায়তা দেবে সরকার। ২৫ মে পর্যন্ত এই সহায়তার জন্য আবেদন করা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ব্যাপারে সংশ্লিষ্ট চিঠি প্রকাশিত হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা-২০২৫ অনুসারে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসা (এমবিবিএস), বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিএসসি (নার্সিং) শিক্ষায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ম বর্ষ) অধ্যয়নরত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করা হচ্ছে।

নির্ধারিত আবেদন ফর্ম এবং নির্দেশিকা ট্রাস্টের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৫ মে অফিস চলাকালীন সরাসরি বা ডাকযোগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯-এ পাঠাতে হবে। বিশেষ সহায়তার জন্য হেল্পলাইন ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬। অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নম্বরগুলোতে যোগাযোগ করা সম্ভব।