চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস দুটিতে থাকা অন্তত ২১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা শঙ্কাজনক। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শুক্রবার ভোর চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের ইন্দ্রপুল গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘হিমাচল পরিবহন’ নামের পর্যটকবাহী একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। একই সময়ে কক্সবাজার থেকে ‘এভারগ্রিন’ পরিবহন নামের আরেকটি বাস যাচ্ছিল চট্টগ্রামে। বাস দুটি উপজেলার ইন্দ্রপুল গোলচত্বরে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তৃষ্ণা সরকার মুক্তকণ্ঠকে বলেন, দুর্ঘটনায় আহত ২১ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. সুমন (১৬) ও কুমিল্লা জেলার সালাউদ্দিন (২৫) নামের দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ভোর চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বাসটির চালক এ সড়কে নতুন। তিনি গোলচত্বরের দিকনির্দেশনা বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারানোর কারণে বিপরীতমুখী বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।