বাংলা নববর্ষের উপলক্ষে অনার দেশের বাজারে নতুন ‘এক্স৮ডি’ মডেলের স্মার্টফোন নিয়ে এসেছে। এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, যা দিনের উজ্জ্বল আলো থেকে রাতের স্বল্প আলোতেও স্পষ্ট ও নিখুঁত ছবি তুলতে সক্ষম। ফোকাস ধরে রাখার জন্য এতে ৩এক্স লসলেস জুম রয়েছে। এছাড়া এআই ইরেজার, আপস্কেলিং, রিফ্লেকশন রিমুভাল এবং আউটপেইন্টিং সুবিধা যুক্ত থাকায় সহজেই উচ্চমানের ছবি তোলা যায়। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনার বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে ‘এআই বাটন’ রয়েছে, যার মাধ্যমে সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায়। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ৪৫ ওয়াটের সুপারচার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ সম্ভব। শুধু তাই নয়, ফোনটির ব্যাটারি প্রায় ছয় বছর ভালো থাকে। ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

সর্বশেষ সংস্করণের স্ন্যাপড্রাগন প্রসেসরে চালিত এই ফোনে আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড পর্দা রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও সহজেই দেখা যায়। ফোনটিতে ড্রপ প্রটেকশনসহ ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধাও আছে, তাই হাত থেকে পড়লে ভাঙে না বা পানিতে নষ্ট হয় না।

তিনটি রঙে বাজারে আসা ফোনটিতে ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ রয়েছে। শক্তিশালী প্রসেসর ও দ্রুতগতির র‍্যামের কারণে একসঙ্গে একাধিক কাজ দ্রুত সম্পন্ন করা যায়। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার ৯৯৯ টাকা।