অপশক্তি আবহমান বাংলা গানের সংস্কৃতির ঐতিহ্য থেকে বাঙালিকে শিকড়বিচ্ছিন্ন করতে চায় বলে মন্তব্য করেছেন ছায়ানট সভাপতি সারওয়ার আলী। তিনি বলেন, ‘আমরা সমাজের কাছে অভয় বাণী শুনতে চাই। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। সংস্কৃতির সকল প্রকাশ যেন নির্বিঘ্নে হয়। বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করতে পারে।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ বরণে ছায়ানটের অনুষ্ঠানে এসব কথা বলেন সারওয়ার আলী।
ছায়ানট সভাপতি বলেন, শান্তিপ্রিয় মানুষকে ভয় দেখিয়ে সংগীত থেকে দূরে রাখতে চায় অপশক্তি। আবহমান বাংলা গানের সংস্কৃতির যে ঐতিহ্য, তা থেকে শিকড় বিচ্ছিন্ন করতে চায়।
সারওয়ার আলী বলেন, সমাজে ইতিমধ্যে বেড়েছে অসহিষ্ণুতা। বেড়েছে মতপ্রকাশের ক্ষেত্রে দলবদ্ধ নিগ্রহের আশঙ্কা। মার্কিন-ইসরায়েলি নিগ্রহে আজ পারস্য সভ্যতাও ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। বিশ্ববাসী আজ বিপর্যস্ত ও আতঙ্কিত। স্বদেশে আজ নতুন বছরের প্রথম প্রহরে কামনা করছেন বিশ্বশান্তি।
আজ সকাল ৬টা ১৫ মিনিটে রমনার বটমূলে ছায়ানটের আয়োজন শুরু হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে ৮টা ২৫ মিনিটে অনুষ্ঠান শেষ হয়।






