যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে পোপ চতুর্দশ লিওর সমালোচনা করেন। এর কিছুক্ষণ পরই তিনি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁকে যিশুর মতো রূপে দেখা যায়।

ছবিটি তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর অ্যাকাউন্টে পোস্ট করা হয়। এতে ট্রাম্প সাদা ও লাল রঙের আলখাল্লা পরে আছেন। ছবিতে তাঁর দুই হাত থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে এবং তিনি হাসপাতালের পোশাক পরা এক ব্যক্তির কপালে ডান হাত ছুঁয়ে আছেন, যিনি বিছানায় শুয়ে আছেন।

এই ছবি ধর্মীয় চিত্রকর্মের মতো, যা যিশুর অসুস্থ মানুষকে সুস্থ করার দৃশ্য তুলে ধরে। ছবি প্রকাশের পর ডানপন্থী ধর্মীয় নেতারা ট্রাম্পের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেন। পরবর্তীতে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ছবিটি সরানো হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে।

ট্রাম্প তার অন্য পোস্টে পোপ চতুর্দশ লিওকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভয়াবহ’ বলে আক্রমণ করেছিলেন। এই সমালোচনার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে কোনো ক্যাপশন ছাড়াই তিনি নিজেকে যিশুর রূপে চিত্রিত ছবিটি পোস্ট করেন।

বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানদের নেতা পোপ চতুর্দশ লিও প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। তিনি ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছেন এবং এই যুদ্ধে যে ‘অযৌক্তিক ও অমানবিক সহিংসতা’ হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন।

ট্রাম্পের মন্তব্যের জবাবে পোপ সোমবার বলেন, “ট্রাম্প প্রশাসনকে নিয়ে আমার কোনো ভয় নেই। আমি গসপেলের (খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ) বাণী উচ্চ স্বরে প্রচার করতেও ভয় পাই না। কারণ, আমি বিশ্বাস করি, এই কাজ করার জন্যই আমি এখানে এসেছি।”