উইন্ডোজ ১১-এ চালু বিভিন্ন অ্যাপ থেকে এআই প্রযুক্তির কোপাইলট চ্যাটবটের বাটন মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। নোটপ্যাড, স্নিপিং টুল, ফটোজ এবং উইজেটসের মতো গুরুত্বপূর্ণ অ্যাপগুলোতে এই পরিবর্তন এনে দেওয়া হবে। অপারেটিং সিস্টেমে এআই ফিচার যুক্ত করার নতুন পদ্ধতির অংশ হিসেবে কোম্পানি এ কদম তুলেছে।
ইতিমধ্যে নোটপ্যাডের সাম্প্রতিক সংস্করণ থেকে ‘রাইট’, ‘রিরাইট’ ও ‘সামারাইজ’-এর মতো সুবিধাগুলোর কোপাইলট বাটন সরানো হয়েছে। টুলবারে আগের কোপাইলট আইকনের জায়গায় এখন কলমের আইকন দেখা যাচ্ছে, যার নাম ‘রাইটিং টুলস’। নাম ও লোগো বদলালেও কার্যকারিতা আগের মতোই রয়েছে। তবে এগুলো বন্ধ করার অপশন এখন ‘এআই ফিচারস’ থেকে সরিয়ে ‘অ্যাডভান্সড ফিচারস’-এর অধীনে নিয়ে যাওয়া হয়েছে।
স্নিপিং টুলে নোটপ্যাডের চেয়ে বড় পরিবর্তন এসেছে। আগে কোনো অংশ নির্বাচন করলে যে কোপাইলট বাটন উঠে আসত, সেটি সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়েছে। নোটপ্যাডে এআই ফিচারগুলো পটভূমিতে থাকলেও স্নিপিং টুলে এখন সরাসরি কোনো এআই সংযোজন দেখা যাচ্ছে না।
বিভিন্ন অ্যাপ থেকে কোপাইলট বাটন সরানোর ব্যাপারে মাইক্রোসফট কোনো আনুষ্ঠানিক ঘোষণা না করায় প্রযুক্তিপ্রেমীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। তবে সম্প্রতি মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইসেস বিভাগের প্রেসিডেন্ট পাভান দাভুলুরি এক ব্লগে জানিয়েছিলেন, নোটপ্যাড বা স্নিপিং টুলের মতো অ্যাপ থেকে ‘অপ্রয়োজনীয় কোপাইলট এন্ট্রি পয়েন্ট’ কমানোর পরিকল্পনা করছে মাইক্রোসফট। এই পরিবর্তনগুলো ধাপে ধাপে চালু করা হচ্ছে এবং শীঘ্রই সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া






