প্রথাগত ডিগ্রির মোহ ত্যাগ করে বাস্তবমুখী দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে গতকাল রোববার রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’। গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
‘দক্ষতাই ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে সাজানো এই সম্মেলনে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বক্তব্যে বলেন, “দক্ষ বাংলাদেশ গড়তে হলে আমাদের তরুণদের কেবল সার্টিফিকেটধারী হলে চলবে না, তাঁদের বৈশ্বিক বাজারের উপযোগী কারিগরি ও ব্যবহারিক দক্ষতায় দক্ষ হতে হবে। এই সামিট তরুণদের মাঝে সেই “ডুআর মেন্টালিটি” বা কর্মমুখী মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সম্মেলনে ইনোভেশন শোকেসে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্পগুলো প্রদর্শিত হয়, যা উপস্থিত অতিথিদের ব্যাপক প্রশংসা পায়।
গ্লোবাল পলিসি ডায়ালগে বিশ্বব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার বিশ্ব শ্রমবাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশি তরুণদের করণীয় এবং ভবিষ্যত কর্মসংস্থানের রূপরেখা তুলে ধরেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা পাঠ্যক্রমের সঙ্গে শিল্পের চাহিদার সমন্বয়ের ওপর জোর দেন। সভাপতির বক্তব্যে মো. সবুর খান বলেন, “চাকরি খোঁজার মানসিকতা বদলে দক্ষ জনসম্পদ হিসেবে নিজেকে গ্লোবাল প্যাটফর্মে উপস্থাপন করাই এখনকার মূল চ্যালেঞ্জ। ড্যাফোডিল পরিবার সব সময় তরুণদের এই রূপান্তরের সহযাত্রী হিসেবে কাজ করছে।”
ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কমকর্তা মোহাম্মদ নুরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপনকালে তরুণদের যুগোপযোগী দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। জেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে এম হাসান রিপন স্বাগত বক্তব্যে বলেন, “আজকের এই সামিট প্রমাণ করেছে আমাদের তরুণেরা দক্ষ হতে চান। তাঁদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে তাঁরা কেবল বাংলাদেশের নয়, বরং বিশ্ব অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত হবে।”
সম্মেলনটি দিপ্তী, বিএসডিআই, স্কিল ডট জবস এবং ড্যাফোডিল জাপান আইটিসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দেশের শীর্ষস্থানীয় করপোরেট লিডারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।






