দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় সংগ্রহে বিশেষ অবদানের জন্য পূবালী ব্যাংককে ‘গোল্ড অ্যাওয়ার্ড ফর ব্র্যান্ডিং পদক’ প্রদান করেছে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)।
পূবালী ব্যাংক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার প্রদানের উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এনআরবি ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর হাত থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এছাড়া ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান ফজলে এলাহী আকবর এবং পুরস্কার কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেমিট্যান্স বা প্রবাসী আয় সংগ্রহে বিশেষ অবদান রাখার জন্য পূবালী ব্যাংক পিএলসি এই পদক লাভ করেছে।






