বাংলা নববর্ষ ১৪৩৩-কে উদযাপন করতে আগামীকাল ১৪ এপ্রিল, মঙ্গলবার রাজধানীতে দিনভর চলবে মুক্তকণ্ঠ বৈশাখী উৎসব।

ইউনাইটেড সিটির মাদানী অ্যাভিনিউয়ে শেফস্ টেবিল কোর্টসাইডে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে নগরজীবনে ঐতিহ্যের ছোঁয়া এনে দেবে এই উৎসব।

মুক্তকণ্ঠর উদ্যোগে ও শেফস্ টেবিল কোর্টসাইডের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে দর্শীরা দিনভর শীতলপাটি, টেপাপুতুল, চুড়ি, খেলনার মতো লোকজ পণ্যের প্রদর্শনী উপভোগ করতে পারবেন। মেলায় থাকবে রণপা, হাওয়াই মিঠাই, বানরনাচ, টিয়া পাখির চিঠি, বোম্বে ক্যান্ডি। এছাড়া লাটিম, মার্বেল, লুডো, ষোলোঘুঁটি, বিস্কুট দৌড়ের মতো শৈশবের খেলাও উপস্থিত থাকবে।

শিশু-কিশোর ও তরুণদের জন্য উৎসবে চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা এবং ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় চিত্রাঙ্কন, ১০টায় হাতের লেখা এবং বেলা ১১টায় ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা শুরু হবে। ক্যারিকেচার ও অরিগ্যামির মতো সৃজনশীল কর্নারগুলো শিশুদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে।

উৎসবজুড়ে সংগীত, গল্প বলার আসর, পুতুলনাচ, জাদুসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। পরিবার নিয়ে আনন্দ কাটানোর জন্য উন্মুক্ত ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করা হয়েছে। আয়োজনজুড়ে উৎসবমুখর সাজসজ্জা ও বৈশাখের ঐতিহ্যবাহী মোটিফ উপস্থিত থাকবে। নগরজীবনের কোলাহলে এই উৎসব একদিনের জন্য আনন্দ ও সাংস্কৃতিক সংযোগের প্ল্যাটফর্ম তৈরি করবে।

বাংলা নববর্ষকে স্মরণীয় করে তোলার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ সবার জন্য উন্মুক্ত। বিস্তারিত জানতে ফোন করুন ০১৪০৪-৪৪০০৫০ নম্বরে। অথবা ভিজিট করুন।