মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিও চতুর্দশকে কঠোরভাবে আক্রমণ করেছেন। তাঁর বৈদেশিক ও অভিবাসন নীতির সমালোচনার জবাবে গতকাল রোববার রাতে ট্রাম্প পোপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘পোপ লিও অপরাধ দমনে দুর্বল এবং বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি অত্যন্ত ভয়াবহ।’

গত বছর প্রথম মার্কিন নাগরিক হিসেবে পোপ নির্বাচিত হওয়া লিও চতুর্দশ সম্প্রতি ইরান যুদ্ধে মার্কিন ভূমিকার কড়া সমালোচনা করেছেন। এর আগেও তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

গতকাল তাঁর পোস্টে ট্রাম্প লেখেন, ‘পোপ হিসেবে লিওর উচিত নিজের কাজ ঠিকঠাকভাবে করা।’ পরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বলেন, ‘আমি এই পোপের একদমই ভক্ত নই।’

ট্রাম্পের এই আক্রমণের মূলে রয়েছে পারমাণবিক অস্ত্র নিয়ে পোপের অবস্থান। কয়েক দিন আগে পোপ বলেছিলেন, ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের হুমকি ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’। এর জবাবে ট্রাম্প অভিযোগ করেন, পারমাণবিক অস্ত্রের বিষয়েও পোপ লিওর অবস্থান ‘দুর্বল’।

গত মাসে ভাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে পাম সানডের এক ভাষণে পোপ বলেছিলেন, ঈশ্বর যুদ্ধবাজ নেতা এবং যাদের হাত রক্তে রঞ্জিত, তাদের প্রার্থনা কবুল করেন না। ইরান যুদ্ধকে তিনি ‘নৃশংস’ বলে অভিহিত করেন। একই সঙ্গে ট্রাম্পের প্রতি সহিংসতা কমিয়ে যুদ্ধ বন্ধের একটি বিকল্প উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন পোপ।