অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সমুদ্রতীরবর্তী শহর ড্রোমানায় গত শুক্রবার রাস্তায় যান চলাচল হঠাৎ থেমে যায়। কোনো গাড়ির দুর্ঘটনা বা যানবাহনের সমস্যা নয়, রাস্তার মাঝখানে এক অপ্রত্যাশিত অতিথি এসে রাজত্ব জুড়ে বসে। সেই অতিথি সমুদ্র থেকে উঠে আসা একটি ঘুমকাতুরে সিল, যাকে স্থানীয়রা আদর করে ‘স্যামি’ বলে ডাকেন।
সাধারণত এই সামুদ্রিক প্রাণীগুলো সমুদ্রতীরে রোদ পোহাতে ঘুমায়। কিন্তু এবার স্যামি সব নিয়ম ভেঙে রাস্তার মাঝখানেই গা এলিয়ে ঘুমিয়ে পড়ে। গাড়ির হর্ন বা মানুষের চিৎকারেও তার ঘুম ভাঙেনি।
প্রথম এটি লক্ষ করেন স্থানীয় বাসিন্দা লরা এলেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘সে সাধারণত সারা দিনই ঘুমায়। কিন্তু তাকে রাস্তায় ঘুমাতে দেখে আমার হাসি পেয়েছে। এমনটা আগে কখনো দেখিনি। ও কোথায় কখন চলে আসে, কেউ জানে না।’
ঘটনার পর স্থানীয় পুলিশ এসে যান চলাচল অন্য পথে ঘুরিয়ে দেন। স্যামি তখনো রোদে ঘুমিয়ে ছিল। পরে বন্য প্রাণী উদ্ধারকারী কর্মীরা এসে তাকে ধীরে ধীরে সমুদ্রসৈকতে ফিরিয়ে নেন। এরপর রাস্তা আবার খুলে যায়।
ভিক্টোরিয়ার উপকূলে সিল দেখা সাধারণ ব্যাপার। তবে কর্তৃপক্ষ সতর্ক করেছে, এদের স্পর্শ করা বা খাবার দেওয়া আইনত নিষিদ্ধ।
অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্নের পোর্ট ফিলিপ বে-ঘেঁষা উপকূলীয় এলাকার মানুষদের মাঝেমধ্যেই সিলের কারণে বিড়ম্বনায় পড়তে হয়।
স্থানীয় লোকজন বলেছেন, গত কয়েক বছরে ‘হেনরি’ নামে পরিচিত এক বিশাল এলিফ্যান্ট সিলকে ব্লেয়ারগোরি ও পয়েন্ট লন্সডেল এলাকায় একাধিকবার দেখা গেছে। একবার তো পয়েন্ট লন্সডেলের একটি পেট্রল স্টেশনের জানালার কাচ ভেঙে দিয়ে সে বেশ আলোচনার জন্ম দেয়।
‘গ্রাম্পি’ নামে পরিচিত একটি ফার সিলও স্থানীয় বাসিন্দাদের বিড়ম্বনায় ফেলেছে। গত ডিসেম্বরে ব্লেয়ারগোরিতে বার্ষিক নৌকা প্রতিযোগিতা চলার সময় সে হঠাৎ এসে হাজির হয় এবং কয়েকটি নৌকার যাতায়াতের পথ আটকে দেয়। এতে প্রতিযোগিতা সাময়িকভাবে বিঘ্নিত হয়।






