নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ১২০ আলোকবর্ষ দূরে এক অসাধারণ সৌরজগত আবিষ্কার করেছেন, যা আমাদের গ্রহ গঠনের প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই অস্বাভাবিক সৌরজগতে পৃথিবীর মতো দুটি গ্রহ পাওয়া গেছে, যাদের অবস্থান ও বিন্যাস বিজ্ঞানীদের বিস্মিত করেছে।
একই সৌরজগতে দুটি পৃথিবীর মতো গ্রহের উপস্থিতি অত্যন্ত বিরল। নাসার তথ্য অনুসারে, সুপার–আর্থ বলতে এমন পাথুরে গ্রহ বোঝায় যা আয়তনে পৃথিবীর চেয়ে কিছুটা বড় কিন্তু নেপচুনের চেয়ে ছোট। এই আবিষ্কার বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুটি গ্রহ পর্যবেক্ষণ করে বোঝা যাবে কীভাবে একই পরিস্থিতিতে গড়ে উঠলেও তারা একে অপর থেকে আলাদা হয়েছে। এটাকে একই পরিবারের দুই যমজ ভাইয়ের আচরণের পার্থক্যের সঙ্গে তুলনা করা যায়।
আমাদের সৌরজগতে সূর্যের কাছে ছোট পাথুরে গ্রহগুলো—বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল—অবস্থিত, আর দূরে বিশাল গ্যাসীয় গ্রহ বৃহস্পতি ও শনি। কিন্তু এই নতুন সৌরজগতে সব উল্টো: বিশাল গ্যাসীয় গ্রহগুলো নক্ষত্রের কাছাকাছি, আর পাথুরে বা পৃথিবীর মতো গ্রহগুলো তাদের ছাড়িয়ে অনেক দূরে। বিজ্ঞানীরা এই অদ্ভুত বিন্যাসকে ইনসাইড-আউট বা অপ্রচলিত গ্রহ গঠনপ্রক্রিয়া বলে বর্ণনা করছেন। এতে স্পষ্ট হয় যে, মহাবিশ্বের সব সৌরজগৎ আমাদের মতো একই নিয়মে গড়ে ওঠেনি।
নাসার টিইএসএস এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার সিএইচওপিএসের মতো উন্নত টেলিস্কোপ ব্যবহার করে এই আবিষ্কার সম্পন্ন হয়েছে। এ ধরনের অস্বাভাবিক সৌরজগত নিয়ে গবেষণা বিজ্ঞানীদের গ্রহের স্থানান্তর, মহাকর্ষ বল ও নক্ষত্রের চারপাশের পরিবেশ সম্পর্কিত তাত্ত্বিক মডেলগুলোকে আরও উন্নত করতে সাহায্য করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া






