রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের চালকদের ভোগান্তি প্রতিদিনই বাড়ছে। কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দিনকে দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। যুদ্ধবিরতি হলেও বাংলাদেশে এর কোনো প্রভাব পড়েনি।

এসব কথা বলছিলেন মোটরসাইকেল চালক রবিউল ইসলাম। আজ রোববার বেলা ১টার দিকে রাজধানীর রাজারবাগ ফিলিং স্টেশনে এই প্রতিবেদকের সঙ্গে তাঁর কথা হয়।

রবিউল ইসলাম জানান, শান্তিনগর বাসা থেকে কাকরাইলে যাওয়ার সময় বাইকের তেল শেষ হয়ে যায়। তারপর বাইকটি ফিলিং স্টেশন পর্যন্ত নিয়ে আসেন। অল্প সময়ে তেল পাওয়ার আশায় এখানে এসেছেন। কিন্তু তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও ফিলিং স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারেননি।

দিন দিন ভোগান্তি বাড়ছেই বলে দাবি করেন এই মোটরসাইকেল চালক। তিনি বলেন, ‘আগে যেখানে দুই থেকে তিন ঘণ্টায় তেল নেওয়া যেত, এখন পাঁচ থেকে ছয় ঘণ্টা লেগে যায়। ভোগান্তি যেখানে কমার কথা, সেখানে দেখতিছি দিন দিন আরও বাড়ছে। আগে তো রোদ কম ছিল, এখন অনেক বেশি রোদ। গরমে ভোগান্তি আরও বেশি।’

একই ধরনের অভিযোগ প্রাইভেট কার চালক মোহাম্মদ উজ্জ্বলেরও। আজ বেলা ৩টার দিকে রাজধানীর পরীবাগের মেঘনা মডেল ফিলিং স্টেশনে তাঁর সঙ্গে কথা হয়। এই চালক জানান, ২০০৬ সাল থেকে ঢাকায় প্রাইভেট কার চালান। অতীতে এমন ভোগান্তি কখনো দেখেননি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের পর যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, যুদ্ধবিরতির পরও তার কোনো পরিবর্তন আসেনি। বরং দিন দিন বাড়ছে।

উজ্জ্বল বলেন, ‘সকাল ৮টার সময় লাইনে দাঁড়িয়েছি। সাত ঘণ্টা শেষ, এখনো তেল নিতে পারিনি। আমার সামনে আরও পাঁচটা গাড়ি আছে। এরপর তেল পাব। এই যে ভোগান্তি, এটা কবে শেষ জানি না।’

গত দুই সপ্তাহ ধরে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। প্রায় একই রকম চিত্র আজও রাজারবাগ ফিলিং স্টেশন, আরামবাগের এইচ কে ফিলিং স্টেশন, মৎস্য ভবন মোড়ে রমনা ফিলিং স্টেশন, মতিঝিলের করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশন, পরীবাগের মেঘনা মডেল ফিলিং স্টেশনে দেখা গেছে।

প্রতিটি ফিলিং স্টেশনে তেলের জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে ২৩৪টি মোটরসাইকেল ও ১০৪টি প্রাইভেট কার তেলের জন্য অপেক্ষায় ছিল।

দুপুর ১২টার দিকে আরামবাগের এইচ কে ফিলিং স্টেশনে ১১৮টি মোটরসাইকেল ও ১২৭টি প্রাইভেট কার তেলের অপেক্ষায় ছিল। বেলা ১টার দিকে রাজারবাগ ফিলিং স্টেশনে ৮৯টি মোটরসাইকেল ও ৬২টি প্রাইভেট কার তেলের জন্য অপেক্ষায় ছিল।

এ ছাড়া বেলা ২টার দিকে রমনা ফিলিং স্টেশনে ১৯৬টি মোটরসাইকেল ও ১৪৮টি প্রাইভেট কার তেলের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে বেলা ৩টার দিকে পরীবাগের মেঘনা মডেল ফিলিং স্টেশনে ৩১২টি মোটরসাইকেল ও ২০৮টি প্রাইভেট কার তেলের জন্য অপেক্ষায় ছিল।