গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি কারাগার থেকে বেরিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।
কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার মুক্তকণ্ঠকে শিরীন শারমিন চৌধুরীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিরীন শারমিন চৌধুরীর জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তা যাচাই–বাছাই করা হয়। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়।
এর আগে আজ রোববার গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়।
গত মঙ্গলবার এ মামলায় শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
শিরীন শারমিন চৌধুরীকে গত মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।






