মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ‘মিউজ স্পার্ক’ নামে নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল উন্মোচন করেছেন। ‘মিউজ’ এআই সিরিজের অধীনে মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবস এই মডেল তৈরি করেছে। ফেসবুক পোস্টে জাকারবার্গ জানান, মেটা এআই-এর সর্বশেষ সংস্করণে এখন মিউজ স্পার্ক ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীরা মেটা ডট এআই ওয়েবসাইট এবং মেটা এআই অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন।
এই নতুন মডেলটি মূলত দৈনন্দিন ব্যক্তিগত কাজের প্রয়োজনীয়তা মাথায় রেখে তৈরি। এর সাহায্যে সহজেই ছবি বা ভিডিওর পটভূমি বোঝা, স্বাস্থ্যসেবা, কেনাকাটা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট তৈরি সম্ভব। মেটার এক বিবৃতিতে বলা হয়েছে, “মিউজ স্পার্ক আমাদের সক্ষমতা বৃদ্ধির প্রথম ধাপ এবং এআই নিয়ে আমাদের নতুন প্রচেষ্টার প্রথম ফসল।”
মেটা জানিয়েছে, ‘মিউজ’ সিরিজে ধাপে ধাপে নতুন ওপেন সোর্স মডেল যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ভবিষ্যতে শুধু প্রশ্নোত্তরে সীমাবদ্ধ না রেখে নতুন ধরনের এআই এজেন্ট তৈরিরও পরিকল্পনা করছে কোম্পানি। গত বছরের জুলাই মাসে জাকারবার্গ ‘ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স’ ধারণা প্রচার করেন। তাঁর লক্ষ্য ছিল কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বাইরে ব্যক্তির নিজস্ব লক্ষ্য অর্জনে সহায়তা করবে এমন এআই ব্যবস্থা গড়ে তোলা। এই উদ্যোগে মেটা ওপেনএআই, অ্যানথ্রোপিক, গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫০ জনের বেশি গবেষক নিয়োগ করেছে। নতুন মডেল উন্মোচনকে গত বছরের উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগের প্রথম দৃশ্যমান ফলাফল হিসেবে দেখা হচ্ছে।
গত বছর এআই উন্নয়নে মেটা প্রায় ৭২ বিলিয়ন ডলার ব্যয় করেছে। ২০২৬ সালে এই ব্যয় ১৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে অনুমান। বিপুল বিনিয়োগ সত্ত্বেও এআই খাতে কিছু সংশয় দেখা দিয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেক প্রতিষ্ঠান এখনো এআই থেকে প্রত্যাশিত আর্থিক সাফল্য পায়নি। তবে জাকারবার্গের অবস্থান স্পষ্ট—সুপারইন্টেলিজেন্স সীমিত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে না রেখে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়াই প্রযুক্তির অগ্রগতির পথ। ব্যক্তিকে ক্ষমতায়নের মাধ্যমেই এআই-এর সম্ভাবনা বাস্তবায়িত হবে বলে তিনি মনে করেন।
প্রসঙ্গত, মেটার ‘লামা’ এআই মডেল বৈশ্বিক প্রতিযোগিতায় প্রত্যাশিত অবস্থান করে উঠতে পারেনি। নতুন ‘মিউজ স্পার্ক’ সেই ছবি বদলাতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয়। কারণ ক্লড ওপোস ৪.৬ ম্যাক্স, জেমিনাই ৩.১ প্রো হাই এবং জিপিটি ৫.৪ এক্স হাইয়ের মতো শক্তিশালী মডেলের তুলনায় এর সক্ষমতা নিয়ে মিশ্র ফলাফল পাওয়া গেছে। কিছু পরীক্ষায় এটি এগিয়ে থাকলেও অন্যান্যতে পিছিয়ে গেছে।
সূত্র: ম্যাশেবল






