পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের আলোচনা চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মায়ামিতে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) এক ম্যাচে দর্শক হয়ে উপস্থিত ছিলেন। গতকাল শনিবার রাতে মায়ামির কেসায়া সেন্টারে এই ইউএফসি ইভেন্টটি অনুষ্ঠিত হয়। ট্রাম্পের সঙ্গে তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেখানে ছিলেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শেষ করতে গতকাল শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের আলোচনা শুরু হয়। ২১ ঘণ্টা ধরে চলা এই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। আলোচনায় মার্কিন প্রতিনিধিদলকে নেতৃত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরানের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষ করে ভ্যান্স জানান, পাকিস্তানে আলোচনা চলার সময় তিনি ট্রাম্পের সঙ্গে ‘নিয়মিত’ যোগাযোগ রেখেছিলেন।

জেডি ভ্যান্স বলেন, ‘আমি জানি না আমরা তাঁকে কতবার ফোন করেছি—গত ২১ ঘণ্টায় হয়তো ছয়বার, হয়তো ১২ বার।’

ভ্যান্স আরও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে দলের সঙ্গে যোগাযোগের মধ্যে ছিলাম, কারণ আমরা আন্তরিকভাবেই আলোচনা করছিলাম।’