গণিত: শেষ মুহূর্তের পরামর্শ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের জন্য বরাদ্দ সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। গণিতে মোট ১১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
জরুরি তথ্য
ক. গণিতে ৪ থেকে ৯ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে।
খ. কোনো শিক্ষার্থী উল্লিখিত কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না।
প্রশ্ন নম্বর–১
গণিতের প্রথম প্রশ্নে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। ১০টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। নম্বর ১০। চারটি বিকল্প থেকে সঠিক উত্তর বেছে খাতায় তার নম্বর লিখতে হবে। তাড়াহুড়ো না করে প্রশ্ন ভালো করে পড়তে হবে। ছোট অঙ্কও করে সঠিক উত্তর বের করতে হবে।
যেমন: সাতটি সংখ্যার গড় ১৭২ হলে, সংখ্যাগুলোর যোগফল কত?
প্রশ্ন নম্বর–২
১০টি শূন্যস্থান পূরণ করতে হবে। ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর ১০। পাঠ্যবইয়ের তথ্য এখানে সহায়ক হবে। পূর্ণ বাক্য লিখতে হবে এবং শূন্যস্থানের শব্দের নিচে আন্ডারলাইন করতে হবে। যেমন: সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
প্রশ্ন নম্বর–৩
১৬টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। ১৬টিরই উত্তর দিতে হবে। নম্বর ১৬। ছোট ছোট প্রশ্ন হবে, যেমন বিভিন্ন রাশির সংজ্ঞা। পাঠ্যবইয়ের তথ্য আয়ত্ত করলে উত্তর সহজ। সবকিছুর স্পষ্ট ধারণা রাখতে হবে।
প্রশ্ন: মৌলিক সংখ্যা কী?
উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা (শুধু দুটি) হয় তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন– ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ ইত্যাদি মৌলিক সংখ্যা।
প্রশ্ন নম্বর–৪
চার প্রক্রিয়া–সম্পর্কিত সমস্যাবলি থেকে একটি প্রশ্ন থাকবে। বন্ধনী ব্যবহারের নিয়ম সঠিকভাবে জেনে সমস্যা সমাধান করতে হবে। ঐকিক নিয়মের সমস্যাগুলোর সমাধান কৌশল আয়ত্ত করতে হবে।
প্রশ্ন নম্বর–৫
লসাগু ও গসাগু নির্ণয়–সম্পর্কিত একটা প্রশ্ন থাকবে। গুণনীয়ক ও গুণিতক বের করার নিয়ম নিশ্চয় সবার জানা আছে।
প্রশ্ন নম্বর–৬
সাধারণ ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ থেকে একটি প্রশ্ন থাকবে। প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের পরিচয় জানতে হবে। ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগের নিয়ম শুদ্ধভাবে আয়ত্ত করতে হবে। যোগ, বিয়োগ, গুণ ও ভাগ চিহ্ন একসাথে থাকলে প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ ও বিয়োগ করতে হয়। দশমিক ভগ্নাংশের নিয়মগুলোও স্পষ্টভাবে জানতে হবে।
প্রশ্ন নম্বর–৭
গড়–সম্পর্কিত একটি প্রশ্ন থাকবে। গড় দেওয়া থাকলে সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় জানো তো?
প্রশ্ন নম্বর–৮
শতকরা থেকে একটি প্রশ্ন থাকবে। সূত্র বা ঐকিক নিয়ম ব্যবহার করে সমাধান করতে হবে। যে নিয়ম সহজ লাগে সেটা ব্যবহার করবে।
প্রশ্ন নম্বর–৯
পরিমাপ/সময়/(আয়ত/সামান্তরিক/ত্রিভুজ)-এর ক্ষেত্রফল পরিমাপ–সম্পর্কিত সমস্যা থেকে একটি প্রশ্ন থাকবে। দৈর্ঘ্য, ওজন ও আয়তন পরিমাপের এককগুলোর পারস্পরিক সম্পর্ক জানতে হবে, নয়তো রূপান্তর সম্ভব হবে না। আয়ত, সামান্তরিক, ত্রিভুজ ইত্যাদির ক্ষেত্রফলের সূত্র আয়ত্ত করতে হবে। এসব রাশির চিত্র আঁকার কৌশল ও বৈশিষ্ট্য মনে রাখতে হবে।
সময়সংক্রান্ত সমস্যায় একক রূপান্তরের জন্য এককগুলো জানতে হবে। কোন মাস কত দিন, অধিবর্ষ কত দিন—এসবের পরিপূর্ণ ধারণা রাখতে হবে।
প্রশ্ন নম্বর–১০
জ্যামিতিতে চতুর্ভুজ, আয়ত, বর্গ, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, বৃত্ত ইত্যাদির সংজ্ঞা ও বৈশিষ্ট্য পরিষ্কারভাবে জানতে হবে। বৃত্তের পরিধি, কেন্দ্র, চাপ, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ ইত্যাদির পরিচয় জানতে হবে। সঠিক চিত্র আঁকার জন্য চিকন পেনসিলের মাথা ও ভালো কম্পাস ব্যবহার করতে হবে। নড়বড়ে কম্পাস নয়।
প্রশ্ন নম্বর–১১
উপাত্ত বিন্যস্তকরণ থেকে প্রশ্ন আসবে। সারণি তৈরি ও আয়তলেখ আঁকার নিয়ম জানা আছে। আঁকার সময় যত্নশীল হতে হবে। প্রতিটি প্রশ্নে ক, খ, গ ইত্যাদি অংশ থাকবে।
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা






