যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক বাসিন্দা মিশিগানে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আত্মীয়স্বজনদের সঙ্গে কয়েকদিন সময় কাটিয়ে ফেরার উপক্রম হলে বিমানবন্দরের দিকে রওনা দেন তিনি। পথে হঠাৎ একটি ছোট দোকানে দাঁড়ানোর ইচ্ছে হয়। দোকানে ঢুকে কয়েকটি লটারি টিকিট কিনে নেন তিনি। এই সামান্য সিদ্ধান্তই তাঁকে অভূতপূর্ব সৌভাগ্য এনে দেয়, যা তাঁর স্বপ্নেরও অতীত।
টিকিট কিনলেও তখন তাতে খুব একটা মনোযোগ দেননি। স্ক্র্যাচ না করে ব্যাগে ভরে রাখেন সেগুলো। তারপর দিন যায়, কাজের চাপে টিকিটের কথা প্রায় ভুলে যান।
কয়েকদিন পর ব্যাগ সাজাতে গিয়ে চোখ পড়ে টিকিটগুলোর ওপর। কৌতূহলী হয়ে একটি ঘষতেই চোখ কপালে উঠে যায়। এক–দুই হাজার নয়, ১০ লাখ ডলার পুরস্কার! ৪৬ বছর বয়সী এই ব্যক্তি ডেট্রয়েটের ট্রাম্বুল স্ট্রিটের ফরেস্ট লিকার নামের দোকান থেকে ১০ ডলারের ‘লাকি নাম্বারস’ স্ক্র্যাচ-অফ টিকিট কিনেছিলেন।
মিশিগান লটারি কর্তৃপক্ষকে তিনি বলেন, “আমি মিশিগানে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ফেরার পথে দোকানে থামি। ক্যাশিয়ারকে কয়েকটা টিকিট দিতে বলি। পরে সেগুলো ব্যাগে রেখে দিই।”
প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হয়। তিনি বলেন, “আমি ভেবেছিলাম, এটা সত্যি হতে পারে না। সঙ্গে সঙ্গে বন্ধুকে ছবি পাঠাই। সে–ও মনে করেছিল, এটা হয়তো কোনো মজা বা ভুয়া টিকিট। আমরা দুজনই একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম।”
লটারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনি সত্যিই ১০ লাখ ডলার জিতেছেন। তারা জানিয়েছে, বিজয়ী পুরস্কারের একটি অংশ ভ্রমণে খরচ করতে চান।






