বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা কম দামের ছোট আকারের একটি এসইউভি তৈরির কাজে নিয়োজিত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকল্পের সঙ্গে জড়িত চারজন ব্যক্তির বরাতে বলা হয়েছে, এটি টেসলার একেবারে নতুন মডেল হবে। এটি টেসলা মডেল থ্রি বা টেসলা মডেল ওয়াইয়ের কোনো সংস্করণ নয়।

প্রতিবেদন অনুসারে, নতুন এসইউভির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট হতে পারে। এটি মডেল ওয়াইয়ের ১৫ দশমিক ৭ ফুট দৈর্ঘ্যের তুলনায় অনেক ছোট। ফলে গাড়িটি তুলনামূলকভাবে কমপ্যাক্ট এবং শহরের রাস্তায় ব্যবহারের জন্য বেশি সুবিধাজনক হতে পারে। এর মূল্যও সবচেয়ে সস্তা টেসলা মডেল থ্রির তুলনায় ‘উল্লেখযোগ্যভাবে’ কম হতে পারে। যুক্তরাষ্ট্রে মডেল থ্রির প্রারম্ভিক মূল্য প্রায় ৩৭ হাজার ডলার। প্রতিবেদনে জানানো হয়েছে, এই নতুন মডেল চীনে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এতে ছোট ব্যাটারি এবং সিঙ্গেল মোটর ব্যবহারের সম্ভাবনা আছে। বর্তমানে মডেল থ্রি ও মডেল ওয়াই একটি ও দুটি মোটরের সংস্করণে পাওয়া যায়। ছোট ব্যাটারি ব্যবহার হলে গাড়ির ওজন কমবে, তবে এক চার্জে চলার দূরত্ব কিছুটা কমতে পারে। তবে নতুন এসইউভি কবে বাজারে আসবে, সে সম্পর্কে কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং শেষ পর্যন্ত বাস্তবায়িত না হওয়ারও সম্ভাবনা আছে।

আগে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন, প্রতিষ্ঠানটি ‘মিনিভ্যানের চেয়ে আকর্ষণীয়’ একটি পণ্য নিয়ে কাজ করছে। একইসঙ্গে টেসলা স্বয়ংক্রিয়চালিত যান ‘সাইবারক্যাব’ বা ‘রোবোভ্যান’ উন্নয়নেও কাজ করছে, যদিও এর নাম এখনো চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, কম দামের নতুন মডেল আনার পরিকল্পনা টেসলার জন্য নতুন নয়। ২০২৪ সালে এমন একটি প্রকল্প বাতিল হয়েছে বলে রয়টার্স প্রতিবেদন প্রকাশ করলে ইলন মাস্ক সেটিকে ‘ভুল’ বলে উড়িয়ে দেন। বাস্তবে টেসলা এখনো কম দামের কোনো নতুন মডেল বাজারে আনেনি।