ইংরেজি: শেষ মুহূর্তের পরামর্শ
ইংরেজি বিষয়ে মোট ১৩টি প্রশ্নের উত্তর লিখতে হবে। নম্বর ১০০ এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
প্রশ্ন নম্বর–১
এখানে একটি দেখা প্যাসেজ থেকে পাঁচটি শব্দ এবং তাদের অর্থ নিয়ে প্রশ্ন করা হয়। বাম দিকের কলাম বা Column A-তে ৫টি শব্দ দেওয়া থাকে। এই ৫টি শব্দের অর্থগুলো এলোমেলোভাবে ডান দিকের কলাম বা Column B-তে থাকে। Column B-তে দুটি অতিরিক্ত অর্থ বিকল্প হিসেবে যুক্ত থাকতে পারে। প্রশ্নে দেওয়া শব্দের সঙ্গে সঠিক অর্থ মিলিয়ে দিতে হয়। প্রতিটি উত্তরের জন্য ১ করে মোট নম্বর ৫।
প্রশ্ন নম্বর–২
এই প্রশ্নে দেখা প্যাসেজ থেকে কয়েকটি শব্দ দেওয়া হয়। এই শব্দগুলো দিয়ে নিজের ভাষায় বাক্য তৈরি করতে হয়। লেখার সময় গ্রামার এবং স্পেলিং-এর দিকে বিশেষ নজর দিতে হবে। প্রশ্নের প্যাসেজ থেকে হুবহু কোনো বাক্য লিখতে নেই। উত্তরের জন্য ১ করে মোট নম্বর ৫।
প্রশ্ন নম্বর–৩
এই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অনুধাবন ক্ষমতা যাচাই করা হয়। প্রদত্ত দেখা প্যাসেজ থেকে ছয়টি Short Constructed Questions দেওয়া হয়। প্যাসেজ ভালোভাবে পড়ে প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দিতে হয়। উত্তরগুলো নিজের ভাষায় লিখার চেষ্টা করতে হয়। ৩ নম্বর করে মোট নম্বর ১৮।
প্রশ্ন নম্বর–৪
প্রশ্নে দেওয়া অদেখা প্যাসেজ থেকে Fill in the blanks with clues-সম্পর্কিত প্রশ্ন থাকে। প্যাসেজের ভিত্তিতে পাঁচটি শূন্যস্থানসংবলিত পাঁচটি বাক্য দেওয়া হয়। শূন্যস্থান পূরণের জন্য বক্সে প্রয়োজনীয় শব্দ থাকে। বক্স থেকে উপযুক্ত শব্দ বেছে শূন্যস্থান পূরণ করতে হয়। প্রশ্নের নম্বরসহ শুধু সঠিক উত্তর খাতায় লিখতে হয়। ১ নম্বর করে মোট নম্বর ৫।
প্রশ্ন নম্বর–৫
প্রশ্নে দেওয়া অদেখা প্যাসেজ থেকে পাঁচটি MCQ দেওয়া হয়। প্রতিটি MCQ-তে চারটি অপশন থাকে। সঠিক উত্তর প্রশ্নের নম্বরসহ খাতায় লিখতে হয়। প্রতিটি MCQ-এর জন্য ১ নম্বর করে মোট নম্বর ৫।
প্রশ্ন নম্বর–৬
এই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অনুধাবন ক্ষমতা যাচাই করা হয়। প্রশ্নে দেওয়া অদেখা প্যাসেজ থেকে ৫টি Short Constructed Questions দেওয়া হয়। প্যাসেজ ভালোভাবে পড়ে প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে হয়। প্রদত্ত প্যাসেজ থেকে কোনো লাইন বা বাক্য হুবহু তুলতে নেই, নিজের ভাষায় উত্তর লিখতে হয়। প্রতিটির জন্য ৩ নম্বর করে মোট নম্বর ১৫।
প্রশ্ন নম্বর–৭
প্রশ্নপত্রে ছয়টি বাক্য দেওয়া থাকে। প্রতিটি বাক্যে এক বা একাধিক শব্দের নিচে আন্ডারলাইন করা থাকে। আন্ডারলাইনকৃত শব্দ বা শব্দগুলোর ওপর ভিত্তি করে WH-question গঠন করতে হয়। ১ নম্বর করে মোট নম্বর ৬।
প্রশ্ন নম্বর–৮
প্রশ্নপত্রে ছয়টি অর্থবহ বাক্যের শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া থাকে। শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করতে হয়। শব্দগুলোতে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক যথাযথভাবে বসাতে হয়। প্রতিটির জন্য ১ নম্বর করে মোট নম্বর ৬।
অথবা, প্রশ্নপত্রে একটি টেক্সট বা গল্পের ছয়টি অর্থবহ বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকে। বাক্যগুলো সাজিয়ে একটি টেক্সট বা গল্প গঠন করতে হয়। মোট নম্বর ৬।
প্রশ্ন নম্বর–৯
প্রশ্নপত্রে একটি ছোট টেক্সট দেওয়া থাকে, যেখানে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক-সংক্রান্ত ১০টি ভুল থাকে। সঠিকভাবে ক্যাপিটাল লেটার ও পাংচুয়েশন মার্ক ব্যবহার করে টেক্সটটি আবার লিখতে হয়। নম্বর ৫।
প্রশ্ন নম্বর–১০
প্রশ্নপত্রে কিছু তথ্য উল্লেখ করে একটি ফর্ম দেওয়া থাকে। সেই তথ্যের ভিত্তিতে প্রদত্ত ফর্ম যথাযথভাবে পূরণ করতে হয়। নম্বর ৫।
অথবা, বিকল্প হিসেবে Fill in the blanks প্রশ্ন থাকতে পারে, যা days, months, time, cardinal ও ordinal number অথবা words for figures দিয়ে পূরণ করতে হয়। নম্বর ৫।
প্রশ্ন নম্বর–১১
প্রশ্নপত্রে ৫টি শূন্যস্থানসংবলিত ৫টি বাক্য বা ১টি টেক্সট দেওয়া থাকে। শূন্যস্থানের পাশে ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে। ভার্বের সঠিক রূপ লিখতে হয়।
প্রশ্ন নম্বর–১২
১২ নম্বরে ব্যক্তিগত চিঠি লেখার প্রশ্ন থাকে। এ ক্ষেত্রে কিছু তথ্য থাকতে পারে বা না থাকতেও পারে। একটি ব্যক্তিগত চিঠি লিখতে হয়।
প্রশ্ন নম্বর–১৩
১৩ নম্বরে শর্ট কম্পোজিশন প্রশ্ন থাকে। কম্পোজিশন লেখার জন্য কিছু প্রশ্ন থাকতে পারে বা না থাকতেও পারে। কমপক্ষে ৫টি বাক্যে একটি কম্পোজিশন লিখতে হয়। নম্বর ১০।
- ইকবাল খান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা






