বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এর ক্রমবর্ধমান শিল্প খাত। বিশ্বায়নের এই সময়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিতে হলে শুধু লাভ করাই যথেষ্ট নয়। ব্যবসায়িক কার্যকলাপে সামাজিক দায়িত্ব ও মানবাধিকার রক্ষা নিশ্চিত করা এখন জরুরি হয়ে উঠেছে। এই পটভূমিতে দেশের তরুণ পেশাদার ও ভবিষ্যৎ নেতৃত্বদাতাদের আন্তর্জাতিক মানে দক্ষ করে গড়ে তুলেছে রেসপনসিবল বিজনেস কনডাক্ট স্কুল (আরবিসি স্কুল)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে বর্তমানে দেশের করপোরেট ও ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বিশ্বব্যাপী বড় ব্র্যান্ড এবং বিনিয়োগকারীরা এখন দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের উপর জোর দিচ্ছে। ইউরোপ ও আমেরিকার বাজারে রপ্তানির সময় মানবাধিকারবিষয়ক যথাযথ সতর্কতা পালন বাধ্যতামূলক হয়েছে। বাংলাদেশের পোশাকশিল্পসহ রপ্তানিমুখী খাতগুলোর জন্য এই জ্ঞান এখন অনিবার্য। আরবিসি স্কুল এই জটিল বিষয়গুলো সহজে এবং ব্যবহারিকভাবে শেখানোর একটি প্ল্যাটফর্ম।

এই প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সম্পূর্ণ বিনামূল্যে সুবিধা। অংশগ্রহণকারীদের কোনো কোর্স ফি দিতে হবে না। পাঁচ দিনের আবাসিক প্রশিক্ষণে থাকা-খাওয়ার সব খরচ আয়োজক কর্তৃপক্ষ বহন করবে। প্রশিক্ষণকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক এবং আইএলওর আন্তর্জাতিক মানের ট্রেনারদের কাছ থেকে সরাসরি শিক্ষা নেওয়া যাবে।

কোর্স সফলভাবে শেষ করলে অংশগ্রহণকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি এবং আইএলও বাংলাদেশের যৌথ সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ও এনজিওতে স্পেশালিস্ট বা কমপ্লায়েন্স অফিসার হিসেবে কর্মজীবন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া শীর্ষ পারফরমারদের জন্য নেটওয়ার্কিং এবং সম্ভাব্য প্লেসমেন্টের সুযোগ রয়েছে।

অংশগ্রহণকারীদের সুবিধায় দেশের তিনটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও বিভাগীয় শহরে প্রশিক্ষণের কোহর্ট ভাগ করা হয়েছে—

খুলনা: ২০ থেকে ২৪ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ: ৪ থেকে ৮ মে ২০২৬

চট্টগ্রাম: ১৮ থেকে ২২ মে ২০২৬

আবেদনের ঠিকানা: rbcschool.org/apply

ই–মেইল: [email protected]