ওজন কমানোর উদ্দেশ্যে দৌড় শুরু করেছিলেন মেরেডিথ স্মিথ। সেই দৌড়েই তিনি গড়লেন এক বিশ্ব রেকর্ড—একসঙ্গে ৫৫টি টি-শার্ট পরে হাফ ম্যারাথন সম্পন্ন করার।
যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের অ্যাথলেট মেরেডিথ স্মিথ গত ৩০ মার্চ ফোর্ট স্মিথ হাফ ম্যারাথনে অংশ নেন একটু ভিন্নভাবে। একে একে ৫৫টি টি-শার্ট শরীরে চাপিয়ে তিনি নামেন দৌড়ের পথে।
স্তরে স্তরে কাপড়ে ভরা শরীর নিয়ে দৌড়ানো অত্যন্ত কঠিন ছিল, তবু মেরেডিথ থামেননি। তিনি ৩ ঘণ্টা ৩০ মিনিটেরও কম সময়ে পুরো দৌড় শেষ করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি নিশ্চিত করেছে, হাফ ম্যারাথনে সবচেয়ে বেশি টি-শার্ট পরে দৌড়ানোর নারী বিভাগে রেকর্ডটি এখন তাঁর নামে।
এই অসাধারণ রেকর্ডের পেছনে রয়েছে মেরেডিথের ব্যক্তিগত জীবনকাহিনি। ২০১৩ সালে ওজন কমানোর জন্য তিনি দৌড় শুরু করেন। তখন হাফ ম্যারাথনের কথা স্বপ্নেও ভাবেননি। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে তিনি শরীর ও মন দুটোই বদলে ফেলেছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে মেরেডিথ বলেন, ‘এই রেকর্ডটা আমার কাছে অন্য রকম মানে রাখে। ২০১৩ সালে যখন দৌড়ানো শুরু করেছিলাম, তখন এটা কখনো সম্ভব হবে বলে মনেই হয়নি। টি-শার্টগুলো পরে আবার সেই পুরোনো ভারটা শরীরে অনুভব করাটা ছিল যেন নিজের অতীতে ফিরে যাওয়া—স্পষ্ট বুঝতে পারছিলাম, কতটা পথ পেরিয়ে এসেছি।’
তাঁর কাছে এই ৫৫টি টি-শার্ট কেবল কাপড় নয়, বরং অতীতের ভারী শরীরের প্রতীক। সেই ভার বহন করে তিনি জিতেছেন নিজের বিরুদ্ধে এক মহান লড়াই।






