পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশি সহ ১৮ নাবিককে উদ্ধার করেছে। তাঁদের মধ্যে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিক ছিলেন। আজ শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, আরব সাগরের উত্তর অংশে পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে ‘গোল্ড অটাম’ নামের বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি সংকেত পাঠানো হয়। সাহায্যের আবেদন জানানো সেই বার্তা পেয়ে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস হুনাইন’ তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে।

নৌবাহিনীর বিশেষজ্ঞ দল জাহাজে অগ্নিনির্বাপণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সহায়তা করে। তারা নাবিকদের সফলভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

উদ্ধারকৃত নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাঁদের সকলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। উন্নত চিকিৎসা ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় তাদের করাচিতে নেওয়া হয়েছে।

পাকিস্তানের আইএসপিআর আরও জানায়, গত মার্চ মাসে সমুদ্রপথের নিরাপত্তা ও বাণিজ্য সুরক্ষায় বিশেষ অভিযান শুরু করেছিল পাকিস্তান। নিজেদের সীমানা রক্ষার পাশাপাশি যেকোনো দেশের মানুষের জীবন বাঁচাতে মানবিক কর্মকাণ্ডে পাকিস্তান নৌবাহিনী সব সময় তৎপর থাকে।