ইংরেজি জানলেও ফরাসি, চীনা, জার্মান বা স্প্যানিশ ভাষায় লেখা পোস্ট পড়তে অসুবিধা হয় অনেকের। এই সমস্যার সমাধানে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয় পোস্ট অনুবাদ সুবিধা চালু করছে। এটি চালু হলে এক্সে ভিন্ন ভাষায় লেখা পোস্টগুলো স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে পড়া যাবে।
এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার জানিয়েছেন, বিশ্বজুড়ে এক্স ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ–সুবিধা চালু করা হচ্ছে। সুবিধাটি চালু হলে কোনো পোস্ট অনুবাদের জন্য ক্লিক করতে হবে না। এক্সে স্ক্রল করার সঙ্গে সঙ্গেই ভিন্ন ভাষায় লেখা পোস্টগুলো ইংরেজি ভাষায় পড়া যাবে।
এক্সের তথ্য মতে, স্বয়ংক্রিয় অনুবাদ–সুবিধাটি গ্রোক এআই চ্যাটবটের মাধ্যমে পরিচালিত হবে, ফলে এক্সে স্ক্রল করার সময় তাৎক্ষণিকভাবে অন্য ভাষায় লেখা পোস্ট অনুবাদ হয়ে যাবে। ফলে ভাষার ভিন্নতা থাকলেও যেকোনো ভাষায় লেখা পোস্টগুলোকে বিশ্বব্যাপী এক্স ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে সাহায্য করবে নতুন সুবিধাটি। তবে ব্যবহারকারীরা চাইলে গিয়ার আইকনে ট্যাপ করে স্বয়ংক্রিয় অনুবাদ–সুবিধা বন্ধ করতে পারবেন।
স্বয়ংক্রিয় অনুবাদ–সুবিধা চালুর পাশাপাশি আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন ইমেজ এডিটরও চালু করছে এক্স। ইমেজ এডিটরটি কাজে লাগিয়ে এআইয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করা যাবে। শুধু তা–ই নয়, চাইলে পোস্ট করার আগে ছবিতে থাকা নির্দিষ্ট ব্যক্তির চেহারা, গাড়ির নম্বর প্লেট, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন গোপনীয় তথ্য ঝাপসা করে দেওয়া যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া






