মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর মাশুল আরোপের বিষয়ে ইরানকে সতর্ক করেছেন। দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথ আবার খুলে দেওয়ার সম্মতির পর গতকাল বৃহস্পতিবার তিনি এই সতর্কবার্তা জারি করেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরান হরমুজ প্রণালি দিয়ে যাওয়া ট্যাঙ্কারগুলোর কাছ থেকে মাশুল নিচ্ছে বলে খবর শোনা যাচ্ছে। তারা যদি এটা না করে থাকে তাহলো তো ভালো। আর যদি করেও থাকে, তাহলে এখনই তা বন্ধ করতে হবে!”

এর কয়েক মিনিট পর আরেক পোস্টে তিনি লিখেছেন, “আপনারা দেখবেন, খুব দ্রুতই তেল সরবরাহ শুরু হবে—এতে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক।” অপর এক পোস্টে ট্রাম্প তেহরানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান খুবই খারাপ আচরণ করছে। কেউ কেউ একে অসম্মানজনক বলছেন।” ট্রাম্প আরও বলেন, “এটা আমাদের চুক্তি নয়!”

এদিকে, বৃহস্পতিবার সমুদ্রপথে নৌযান চলাচল শনাক্তের ভিত্তিতে পাওয়া তথ্য অনুসারে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মাত্র ১০টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল সরবরাহ করা হয়। যুদ্ধ পরিস্থিতিতে গত মার্চের শুরু থেকে ইরান এই জলপথ কার্যত বন্ধ করে দিয়েছিল। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ খুলে দিতে ডোনাল্ড ট্রাম্প ইরানকে সময়সীমা বেঁধে দেন। সেই সময়সীমা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা জানায়। যুদ্ধবিরতির অংশ হিসেবে তেহরান বিশ্ববাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ সাময়িকভাবে খুলে দিতে রাজি হয়েছে।