উন্নয়ন ক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু শ্রেণিকক্ষের জ্ঞান নয়, মাঠের অভিজ্ঞতা ও প্রান্তিক মানুষের জীবনের গভীর অন্তর্দৃষ্টি দরকার। এই লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফ্রেন্ডশিপ একাডেমি যৌথভাবে এক মাসব্যাপী সার্টিফিকেট কোর্স আয়োজন করছে। সামার স্কুল অন ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস–২০২৬ নামক এই কোর্সে পেশাজীবীরা আবেদন করতে পারেন।
কোর্সের মূল লক্ষ্য
এই সামার স্কুলের প্রধান উদ্দেশ্য তরুণ পেশাজীবীদের দক্ষ ও অঙ্গীকারবদ্ধ উন্নয়ন নেতা হিসেবে গড়ে তোলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও ফ্রেন্ডশিপ একাডেমি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সামাজিক উদ্যোগ ও উন্নয়ন কাজে নেতৃত্ব দিতে সক্ষম একদল তরুণ তৈরির জন্য কাজ করছে। অংশগ্রহণকারীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি তৃণমূল উন্নয়নের আধুনিক পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি শেখানো হবে। প্রান্তিক সম্প্রদায়ের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে তাদের উৎসাহিত করা এই কোর্সের বিশেষত্ব।
কোর্সের বৈশিষ্ট্য
কোর্সটি ক্যারিয়ারের প্রথম ধাপে থাকা বা নতুন স্নাতকদের জন্য তৈরি। এতে দেশি-বিদেশি অভিজ্ঞ শিক্ষক ও উন্নয়নকর্মীদের সমন্বয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মিশ্রণ রয়েছে। কর্মজীবী ও শিক্ষার্থীদের সুবিধায় ক্লাস শুধু সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) হবে। এছাড়া গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে ফ্রেন্ডশিপের উন্নয়ন প্রকল্পে দুই দিনের ফিল্ড ভিজিটের সুযোগ থাকবে।
আংশিক স্পনসরশিপ
ফ্রেন্ডশিপ একাডেমি কোর্সটি আংশিক স্পনসর করছে। মাঠ পরিভ্রমণের ফি ৯ হাজার টাকা (গাইবান্ধা যাতায়াত, থাকা ও খাওয়া সহ) দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ এপ্রিল ২০২৬
কোর্সের সময়: ২৪ এপ্রিল থেকে ২৩ মে ২০২৬ (পাঁচ সপ্তাহ)
ক্লাসের স্থান: সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইন ও ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারেন। বিস্তারিত জানতে ও ফর্ম পূরণের জন্য ভিজিট করুন: www.friendship-edu.info






