চীনের রাজধানী বেইজিংয়ে এক ৮৯ বছরের বৃদ্ধা ভবনের বাইরের রেলিং বেয়ে ২৭ তলা থেকে ২১ তলায় নেমে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পরে তাঁকে উদ্ধার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এই বৃদ্ধা (যাঁর নাম প্রকাশ করা হয়নি) বেইজিংয়ের একটি আবাসিক ভবনের ২৭ তলায় একা থাকেন। ১ এপ্রিল বিকেলে তিনি নিজের শোবার ঘরে আটকা পড়েন। তাঁর মুঠোফোনটি তখন বাইরের বসার ঘরে ছিল। কারও সঙ্গে যোগাযোগ করার উপায় না পেয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করেও ঘর থেকে বের হতে না পারায় তিনি আতঙ্কিত হন। শেষমেশ সাহায্যের অপেক্ষা না করে তিনি জানালা দিয়ে বেরিয়ে ভবনের দেয়ালের এয়ার কন্ডিশনারের (এসি) সুরক্ষা রেলিং ধরে নিচে নামতে শুরু করেন।

নিচে থাকা এক পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী ওপর থেকে ক্ষীণ গোঙানি শুনতে পান। উপরের দিকে তাকিয়ে তারা দেখেন, এক বৃদ্ধা ২৬ তলার সরু রেলিং আঁকড়ে ঝুলে আছেন। দৃশ্য দেখে তারা শিউরে উঠে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বৃদ্ধা ২১ তলায় নেমে আসেন। তখনো তিনি মাটি থেকে প্রায় ৫০ মিটার উঁচুতে ছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ২১ তলায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তারা প্রথমে বৃদ্ধাকে একটি মজবুত নিরাপত্তা রশি দিয়ে বাঁধেন। এরপর রেলিংয়ের কিছু অংশ কেটে এসির প্ল্যাটফর্মে বসার জায়গা তৈরি করেন। সেখানে তাঁকে পানি খাওয়ানো হয় এবং ঠান্ডা থেকে রক্ষার জন্য জ্যাকেট দেওয়া হয়। প্রায় ২০ মিনিট বিশ্রামের পর উদ্ধারকর্মীরা স্ট্রেচারের সাহায্যে একটি অস্থায়ী ব্রিজ তৈরি করে তাঁকে জানালা দিয়ে ঘরের ভিতর নিরাপদে নিয়ে আসেন।

নিরাপত্তা সরঞ্জাম ছাড়া এত উঁচু থেকে নামা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। ক্লান্তি ও ভয় সত্ত্বেও বৃদ্ধা কোনো গুরুতর আঘাত পাননি। নেটিজেনরা তাঁকে ‘সুপার দাদি’ বলে অভিহিত করেছেন। অনেকে তাঁর শারীরিক সক্ষমতাকে পর্বতারোহী অ্যালেক্স হনল্ডের সাহসের সঙ্গে তুলনা করেছেন। হনল্ড সুরক্ষা সরঞ্জাম ছাড়া পর্বতারোহণের জন্য বিখ্যাত।