সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের পদস্থ কর্মকর্তাদের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রতারণা করছে একটি চক্র। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জনগণকে আহ্বান জানিয়েছে।

আজ বৃহস্পতিবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং পরিলক্ষিত হচ্ছে একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর) ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ জনগণকে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ ক্ষেত্রে তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরা সেনা কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ব্যবহার করে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো যোগাযোগ করা হয় না। যদি কোনো ব্যক্তি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে অথবা অসদুপায়ে কোনো সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে বিশেষভাবে অনুরোধ করা হলো। সবাইকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রতারক চক্রকে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।