গুগল ক্রোম ব্রাউজারে বহুল আলোচিত ‘ভার্টিক্যাল ট্যাব’ সুবিধা যুক্ত করেছে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর চালু হওয়া এই ফিচারের মাধ্যমে একাধিক ট্যাব সহজে নিয়ন্ত্রণ করা যাবে, যা ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে।
গুগলের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা এখন ভার্টিক্যাল ট্যাব চালু করতে পারবেন। এটি সক্রিয় করলে ট্যাবগুলো ব্রাউজার উইন্ডোর পাশে চলে আসবে, ফলে প্রতিটি পেজের শিরোনাম সহজে পড়া যাবে এবং অন্যান্য ট্যাব নিয়ন্ত্রণ করা সহজ হবে। ক্রোম উইন্ডোর ডান পাশে ক্লিক করে ‘শো ট্যাব ভার্টিক্যাল’ অপশন বেছে নিলেই সুবিধাটি চালু হয়ে যাবে।
একবার চালু হলে এটি ডিফল্ট হিসেবে থেকে যাবে, তাই বারবার সেট করতে হবে না। তবে চাইলে আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে। গুগল জানিয়েছে, ভার্টিক্যাল ট্যাবগুলো আনুভূমিক ট্যাবের মতোই কাজ করবে। অর্থাৎ, আলাদা উইন্ডোতে ভিন্ন ট্যাব বা গ্রুপ খুলে রাখা যাবে, যা একই ওয়েবসাইটের একাধিক ট্যাব শনাক্ত করতে সাহায্য করবে।
এছাড়া, ক্রোমে ‘রিডিং মোড’ সুবিধাও গুগল হালনাগাদ করেছে। এর ফলে ওয়েবসাইটে প্রবেশ করলে বিজ্ঞাপন, নোটিফিকেশন এবং অন্যান্য বিভ্রান্তিকর উপাদান কম দেখা যাবে, যাতে তথ্য পড়া স্বচ্ছন্দ হয়।
সূত্র: টেক ক্র্যাঞ্চ






