সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ এক অনন্য সচেতনতা কর্মসূচি চালিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশান ২ নম্বর এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের প্লাস্টিক হেলমেট বর্জন ও ভাঙার এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ট্রাফিক পুলিশের জানানো মতে, মোটরসাইকেলের অনেক চালক ও আরোহী ট্রাফিক আইন পালনের চেয়ে জরিমানা এড়াতে এ ধরনের হালকা ও নিম্নমানের হেলমেট ব্যবহার করছেন। কিন্তু এসব ‘ভুয়া’ হেলমেট মাথা রক্ষায় সাহায্য না করে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মিজানুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “বাজারে প্রচলিত কমদামি প্লাস্টিকের হেলমেটগুলো দুর্ঘটনার সময় কার্যকর সুরক্ষা দিতে ব্যর্থ হয়। জীবন রক্ষায় চালক ও আরোহীদের অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে।”

কর্মসূচির সময় গুলশান ২ নম্বরের সংলগ্ন ফিডার রোডে মোটরসাইকেল থামিয়ে ট্রাফিক কর্মকর্তারা চালকদের নিম্নমানের হেলমেটের ক্ষতিকর দিক বোঝান। এরপর চালকরা নিজেরাই তাদের অনিরাপদ হেলমেট ভেঙে ভবিষ্যতে মানসমতো হেলমেট ব্যবহারের প্রতিশ্রুতি দেন।

ট্রাফিক কর্মকর্তাদের মতে, এটি কেবল প্রতীকী কর্মসূচি নয়, নিরাপদ সড়ক গড়ার গুরুত্বপূর্ণ বার্তা। সঠিক হেলমেট বেছে নিয়ে নিজের জীবনের মূল্য বোঝা এখন জরুরি।

ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলতে থাকবে। আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, নিজের ও পরিবারের নিরাপত্তার জন্যও অপরিহার্য।