অনেকে ব্যক্তিগত বা অফিসের কাজে গুরুত্বপূর্ণ তথ্য ও সিদ্ধান্ত লিখে রাখেন। কেউ কেউ ব্যক্তিগত সহকারীর সাহায্য নেন এসব তথ্য সংরক্ষণের জন্য। এই প্রয়োজন মাথায় রেখে গুগল মুখের কথা থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও সিদ্ধান্ত লিখে রাখতে সক্ষম একটি ডিকটেশন অ্যাপ চালু করেছে।

‘গুগল এআই এজ এলোকোয়েন্ট’ নামক এই অ্যাপটি ইন্টারনেট ছাড়াই কাজ করে। ফলে যেকোনো সময় মুখে বলা কথা তাৎক্ষণিকভাবে ফোনের স্ক্রিনে বার্তা আকারে দেখা যায়। এছাড়া, কথার মাঝে থাকা অপ্রয়োজনীয় শব্দ যেমন ‘উম’, ‘আহ’ স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার করে লেখাকে মার্জিত ও সুন্দর করে দেয় অ্যাপটি। আইওএস-এর জন্য তৈরি এই অ্যাপে ট্রান্সক্রিপ্টের ঠিক নিচে ‘কি পয়েন্ট’, ‘ফরমাল’, ‘শর্ট’ ও ‘লং’-এর মতো অপশন রয়েছে। এগুলো ব্যবহার করে লেখা প্রয়োজনমতো পরিবর্তন করা যায়।

বিনামূল্যে পাওয়া এই অ্যাপটি প্রতিটি ডিকটেশনের ইতিহাস সংরক্ষণ করে। এছাড়া সর্বশেষ সেশনে বলা শব্দ, কথা বলার গতি এবং মোট শব্দসংখ্যার তথ্যও দেখা যায়। চাইলে ক্লাউড মোড চালু করে গুগলের জেমিনাই মডেলের সাহায্য নেওয়া যাবে।

গুগল জানিয়েছে, সাধারণ ডিকটেশন অ্যাপগুলো অপ্রয়োজনীয় শব্দগুলো হুবহু লিখে ফেলে। কিন্তু গুগল এআই এজ এলোকোয়েন্ট বক্তার কথার প্রকৃত অর্থ বুঝতে পারে। তাই কথার মাঝের ‘উম’, ‘আহ’ বা নিজেকে সংশোধনের কথা বাদ দিয়ে নির্ভুল ও পরিষ্কার লেখা প্রদান করে।

কথা থেকে লেখায় রূপান্তরের এআই মডেলগুলো দিন দিন উন্নত হওয়ায় এ ধরনের ট্রান্সক্রিপশন অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে। তাই উইস্পার ফ্লো, সুপারহুইস্পার বা উইলোর মতো অ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় গুগল এই নতুন অ্যাপ চালু করেছে। সূত্র: টেক ক্র্যান্চ