বিশ্ববাজারে দাম পড়ার ফলে দেশে একদিনের ব্যবধানে সোনার দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।

গতকাল বুধবার সকালে সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বেড়েছিল। এবার দাম কমায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের দাম কমে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও সামান্য হ্রাস পেয়েছে। ভরিতে ১৭৫ টাকা কমে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকায়।

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ—সব মিলিয়ে সোনার দামে অনেক দিন ধরেই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বিশ্ববাজারে সোনার দাম গত বছর ৭০ শতাংশের বেশি বেড়েছে। তবে বিশ্ববাজারে এখন সোনার দাম কিছুটা কমছে।