ভারতের আসাম, কেরল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। এই তিনটি অঞ্চলের প্রায় ৬ কোটি ১০ লাখ ভোটকার নির্ধারণ করবেন আগামী পাঁচ বছর কারা ক্ষমতায় থাকবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসামের ১২৬টি, কেরলের ১৪০টি এবং পদুচেরির ৩০টি আসনে ভোটাভুটি হবে। আসামে গত ১০ বছর ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। দুই দলই স্থানীয় ছোট দলগুলোর সঙ্গে জোট গড়ে নির্বাচনে লড়ছে।

কেরলে মূল লড়াই দ্বিমুখী। শাসক বামপন্থী জোটকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে। এই দক্ষিণ ভারতীয় রাজ্যে সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর শাসক বদলের রীতি থাকলেও ২০২১ সালে সিপিএম টানা দ্বিতীয়বার জয়লাভ করে সেই প্রথা ভেঙে দেয়। এবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সরিয়ে কংগ্রেস ক্ষমতা দখল করতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন। বিজেপি এখানে তৃতীয় শক্তি হলেও সরকার গড়ার মতো অবস্থানে এখনো পৌঁছায়নি।

পদুচেরির রাজনীতিতে প্রতিবেশী তামিলনাড়ুর প্রভাব স্পষ্ট। সেখানে ক্ষমতাসীন সর্বভারতীয় এন আর কংগ্রেসের প্রধান ও মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর জোটসঙ্গী বিজেপি। এই জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী ডিএমকে-কংগ্রেস জোট।

বৃহস্পতিবার এই তিন অঞ্চলে ভোট হলেও ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। একই দিনে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নির্বাচনের ফলও প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে ভোট হবে, আর তামিলনাড়ুতে ২৩ এপ্রিল।