সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলার নগর অংশে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যানবাহনের অব্যবস্থাপনার জন্য এ এলাকায় প্রতিনিয়ত অসহনীয় যানজট দেখা দিচ্ছে। সমস্যা সমাধানে যানবাহন মালিক, শ্রমিক ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
বুধবার দুপুরে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে মাসব্যাপী বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাইয়ুম চৌধুরী। ভিশন স্প্রিং ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে দক্ষিণ সুরমায় যানজট তীব্র আকার নিয়েছে। এতে জনগণের কষ্ট বাড়ছে। যানজট কমাতে টার্মিনালের ভিতরে যানবাহন রাখার ব্যবস্থা করতে হবে। জায়গা না থাকলে বিকল্প চালু করা হবে। প্রয়োজনে আলাদা স্থান নির্ধারণ করা হবে যাতে যানবাহন রাখা যায়।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক জানান, শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শ্রমবান্ধব। শ্রমিকদের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক এমরান হোসেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মহিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজির আহমদ, সাধারণ সম্পাদক সাদিক আহমদ, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর।






