বিএনপিদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহোদর প্রয়াত আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি দাবি করেছেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ–সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এ দাবি তুলে ধরেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

সরকারদলীয় এমপি মুজিবুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য প্রশংসা করেন। ৩০ বছর পর আসনটি জনগণ বিএনপিকে উপহার দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এ আসনটি আপনারা উপহার দিলে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, ভাওয়াল মাঠের জনসভায় তিনি অংশগ্রহণ করবেন।” এই সংসদ সদস্য জানান, “সেখানকার জনগণ এখন মাননীয় প্রধানমন্ত্রীর সদয় আগমনের অপেক্ষা করছে।”

এ পর্যায়ে মুজিবুর রহমান বলেন, নির্যাতিত-নিপীড়িত একটি বিপ্লবের নাম তারেক রহমান। প্রধানমন্ত্রীর যুগশ্রেষ্ঠ উক্তি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গাজীপুরবাসী উজ্জীবিত। তিনি বলেন, “আমার আবেগের একটি কথা, একাত্তর সালের স্বাধীনতাযুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মাতা বেগম খালেদা জিয়া ও তাঁর সহোদর ভাই পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী (তারেক রহমান) ৯ মাস বন্দী ছিলেন। যদি কোনো দিন সুযোগ হয়, বেগম খালেদা জিয়ার স্বাধীনতাযুদ্ধের যে অবদান, সে জন্য তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং আমাদের প্রধানমন্ত্রীকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে, আর তাঁর সহোদর ভাই—আমাদের ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি করছি।” মুজিবুর রহমান দাবি করেন, এই প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছেন না।