নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একই রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, ডাকাতরা স্বর্ণালংকার, রুপা ও টাকার পাশাপাশি ঘরের বিভিন্ন জিনিসপত্রসহ কাপড়চোপড়ও লুট করে নিয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দিবাগত রাত একটার দিকে কড়ইতলা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী শাহ পরানের বাড়িতে ১২ থেকে ১৫ জনের ডাকাত দল হানা দেয়। দেশি অস্ত্রের সঙ্গে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
তারপর ডাকাতরা পাশের বাড়িতে মালয়েশিয়াপ্রবাসী আল আমিনের ঘরে ঢোকে। দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের বন্দি করে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে চলে যায়।
শেষ পর্যায়ে তারা রাস্তার পাশের পাওয়ার লুমশ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে আঘাত হানে। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ১ ভরি রুপা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে।
সাইফুল ইসলাম বলেন, এর আগেও তাঁর বাড়িতে ডাকাতি হয়েছে। এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর ওই তিনটি বাড়ি পুলিশ পরিদর্শন করে। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার মুক্তকণ্ঠকে বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






