স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে আইফোন। কিন্তু একাধিক নির্মাতা ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা বাজারে নিয়ে আসলেও অ্যাপল এখনও পিছিয়ে আছে। তবে প্রযুক্তিবিশ্বে খবর উঠেছে যে, অ্যাপল নতুন আইফোন মডেলে ২০০ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত করার প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ‘ডিজিটাল চ্যাট স্টেশন’–এর একটি পোস্টে দাবি করা হয়েছে, অ্যাপল বর্তমানে ১/১.২ ইঞ্চি আকারের একটি ২০০ মেগাপিক্সেলের সেন্সর পরীক্ষা করছে। এই সেন্সরটি প্রচলিত সেন্সরের তুলনায় বড় হতে পারে। বড় সেন্সর ব্যবহারে কম আলোতে উন্নত মানের ছবি তোলা এবং ডায়নামিক রেঞ্জ বাড়ানো সম্ভব। ফলে অ্যাপলের এই নতুন সেন্সর আইফোনের ক্যামেরার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।

ধারণা করা হচ্ছে, এই ২০০ মেগাপিক্সেল সেন্সরটি আইফোনের প্রধান ক্যামেরায় ব্যবহৃত হতে পারে। তবে আলট্রা ওয়াইড ও টেলিফটো ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলেরই থাকবে। আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর ৪৮ মেগাপিক্সেল মেইন সেন্সরের তুলনায় এটি অনেক শক্তিশালী হবে। সম্ভবত এই সেন্সর আইফোন ১৯ প্রো, অ্যাপলের দ্বিতীয় প্রজন্মের ফোল্ডেবল ফোন বা আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে কোনো বিশেষ সংস্করণে প্রথম দেখা যেতে পারে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যাপল ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং ২০২৮ সালের মধ্যে তা বাজারে আনা হতে পারে। তবে এই শক্তিশালী সেন্সর সব মডেলের আইফোনে ব্যবহার হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস