দেশের বাজারে শক্তিশালী প্রসেসরে চালিত নতুন এক্স৬ডি ফাইভ–জি স্মার্টফোন নিয়ে এসেছে অনার। এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে, যা দ্রুত ইন্টারনেট ব্যবহার এবং একসঙ্গে একাধিক কাজ সম্পাদনের সুবিধা দেয়। ৫ হাজার ২৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং চার বছরের অ্যান্টি-এজিং প্রযুক্তির কারণে ব্যাটারির কার্যকারিতা দীর্ঘদিন ভালো থাকে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে চলমান এই ফাইভ–জি ফোনে ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে। শক্তিশালী প্রসেসরের সঙ্গে দ্রুতগতির র্যাম থাকায় বিভিন্ন কাজ সহজে করা এবং ভিডিও দেখা সম্ভব।
দুই রঙে বাজারে আসা ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে সেলফির জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা।
অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘এই ফোনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে ফাইভ–জি প্রযুক্তি আরও সহজলভ্য করতে চাই আমরা। দীর্ঘ সময় নির্বিঘ্নে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি যুক্ত করা হয়েছে।’






