ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটি বিবৃতি জারি করেছে। এতে ইরানের ১০ দফা পরিকল্পনার কয়েকটি ‘মৌলিক বিষয়’ তুলে ধরা হয়েছে। তার মধ্যে একটি হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে হরমুজ প্রণালি দিয়ে নিয়ন্ত্রিত যাতায়াতব্যবস্থা চালু করা হবে।’
এতে আরও জানানো হয়েছে, এতে ইরান ‘অনন্য অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থান’ অর্জন করবে।
সিএনএন ইরানি কর্মকর্তাদের কাছ থেকে এই বিবৃতি সংগ্রহ করেছে। ইরানের একাধিক রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও হরমুজ নিয়ন্ত্রণের খবর প্রকাশিত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রেখে যুদ্ধবিরতির এই দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতব্যবস্থা চালু রাখা হবে।’
যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য ট্রাম্পকে আহ্বান জানানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আরাগচি।






