যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেই মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। শান্তির আশা দেখা দিলেও কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ উপসাগরীয় দেশগুলো একযোগে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এসঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
কুয়েত: দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশসীমায় অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।
বাহরাইন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে সতর্ক সংকেত (সাইরেন) বাজিয়েছে। সাধারণ মানুষকে দ্রুত কাছের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি আরব: বেসামরিক প্রতিরক্ষা বিভাগ রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে আগাম সতর্কতা জারি করেছে। সম্ভাব্য বড় ধরনের বিপদের আশঙ্কায় নাগরিকদের সতর্ক করা হয়েছে।
কাতার: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে নিরাপত্তা হুমকির মাত্রা অত্যন্ত ‘উচ্চ’। জনসাধারণকে ঘরের বাইরে বের না হয়ে ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
কেন এই সতর্কতা?
ডোনাল্ড ট্রাম্প এবং ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও মাঠপর্যায়ে চরম অস্থিরতা কায়ম রয়েছে। ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান এবং ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত নির্দেশ না পাওয়ায় অনিশ্চয়তা বেড়েছে।
উপসাগরীয় দেশগুলোর প্রায় ‘একযোগে’ সতর্কতা জারি ইঙ্গিত দিচ্ছে যে, তারা বড় ধরনের প্রক্সি হামলা বা কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট মিসাইল আক্রমণের আশঙ্কা করছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে হবে, তবে সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই সতর্কতায় বিশ্ববাজারে উদ্বেগ দেখা দিয়েছে।






