পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানকে এই সময়ে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত রাখারও আহ্বান জানিয়েছেন। শাহবাজ শরিফের মতে, চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো আশাপ্রদ এবং এর যৌক্তিক ফলাফলের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে শাহবাজ শরিফ লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিরসনে শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টাগুলো বেশ জোরালো এবং ধারাবাহিকভাবে এগোচ্ছে। অদূর ভবিষ্যতে এর মাধ্যমে উল্লেখযোগ্য ফলাফল আসার সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও লিখেছেন, ‘কূটনৈতিক প্রক্রিয়াকে সফল হওয়ার সুযোগ দিতে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।’

একই পোস্টে তেহরানের প্রতি ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে ওই দুই সপ্তাহ হরমুজ প্রণালি খোলা রাখার অনুরোধ জানিয়েছেন শাহবাজ শরিফ। তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা যুদ্ধরত সব পক্ষকে আগামী দুই সপ্তাহ সবখানে যুদ্ধবিরতি পালনের অনুরোধ করছি। এতে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি টানা সম্ভব হতে পারে।’