চাঁদের পেছন দিকে পৌঁছে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়ার পর আর্টেমিস–২ অভিযানের নভোচারীরা এখন পৃথিবীর দিকে ফিরছেন। তাঁদের ফিরতে প্রায় চার দিন সময় লাগবে।

সবকিছু ঠিকঠাক থাকলে ১০ এপ্রিল ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ৮টা ৭ মিনিটের দিকে তারা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবেন।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, পানিতে অবতরণকারী নভোচারীদের উদ্ধারের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হবে। এরপর তাঁদের কাছাকাছি অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে নিয়ে যাওয়া হবে। জাহাজে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং পরে স্থলভাগে নিয়ে যাওয়া হবে।

১ এপ্রিল ‘আর্টেমিস-২’ অভিযানে চার নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে ঐতিহাসিক যাত্রা শুরু করেন। এই নভোচারীরা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।

গতকাল সোমবার যুক্তরাজ্যের সময় সন্ধ্যা সাতটার দিকে (বাংলাদেশ সময় রাত ১২টা) নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল চাঁদের পেছন অংশে পৌঁছায়। তখন পৃথিবী থেকে তাঁদের দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার বা প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল। এর আগে কোনো মানুষ এত দূরে যাননি, ফলে আর্টেমিস–২ নতুন রেকর্ড গড়েছে।

আগের রেকর্ডটি ছিল প্রায় ৫৬ বছর আগের। ১৯৭০ সালের এপ্রিলে নাসার অ্যাপোলো–১৩ অভিযানে অংশগ্রহণকারী নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার বা প্রায় ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরে গিয়েছিলেন।